প্রতিটি উচ্চারণের নাম বাংলাদেশ

যুবক অনার্য :
তোমরা আমাকে খুঁজতে গেলে রেসকোর্স
না পেয়ে তারপর ধানমন্ডি ৩২। না আমি নেই,
গেলে কিছুক্ষণ আগে শেষ হয়ে যাওয়া মিছিলে;
না আমি নেই আমি কোথ্থাও নেই।
সংবাদ পেলে আমি কারাগারে
আমার বিরুদ্ধে অভিযোগ : আমি ঘোষণা করেছিলাম—
 এবারের সংগ্রাম আমাদের মুক্তির  সংগ্রাম
 এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
: আপনি পালিয়ে গেলেন না কেনো!
-বাঘ কখনো পালিয়ে যায় না। পালিয়ে গেলে
শেয়াল কুকুর ছিবড়ে খেতো সমস্ত দেশ
জীবনশূন্য ক্রীতদাসের মতো আমরা থেকে যেতাম
কেবলি পরাধীন নুলো ভিখিরির মতো
কেবলি মাড়ি ও মড়ক, মণ্বন্তরে ভেসে থাকা
উদ্বাস্তু লোকালয়।
: পালিয়ে গেলে অন্তত জেলে বসে পচতে হতো না।
-মুক্ত শেয়ালের চেয়ে বন্দি বাঘ অনেক বেশি শক্তিশালী
বাঘ বন্দি হলেও থেমে যায় না ভূবনকাঁপানো গর্জন
সেই গর্জনে মিশে থাকা প্রতিটি উচ্চারণই -স্বাধীনতা
সেই গর্জনে মিশে থাকা প্রতিটি উচ্চারণের নাম – বাংলাদেশ।

You might like