

বরগুনার আমতলীতে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার ঘটনায় আদালতের রায় সমাজকে স্বস্তি দিয়েছে। প্রধান আসামি হৃদয় খানের মৃত্যুদণ্ড এবং তার সহযোগী জাহিদুল ইসলামের কারাদণ্ড থেকে এটা স্পষ্ট যে, এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির কোনো বিকল্প নেই।
এ রায় প্রমাণ করে যে, অপরাধীরা সমাজে তাদের কৃতকর্মের জন্য ছাড় পাবে না। এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি জনমনে একটি বার্তা দেয়- আইন তার নিজস্ব গতিতে চলে এবং অপরাধ করলে তার ফল ভোগ করতেই হবে। একই সঙ্গে, এটি নির্যাতিতার পরিবারকে কিছুটা হলেও ন্যায়বিচার প্রাপ্তির সান্ত¡না দেয়।

তবে, কেবল কঠোর সাজা দিলেই কি এমন ঘটনা পুরোপুরি বন্ধ হবে? এ প্রশ্নটি আমাদের গভীরভাবে ভাবায়। একজন ১২ বছরের নাবালিকা শিক্ষার্থী কেন এমন নির্মমতার শিকার হলো? অপরাধীর মনে কেন ন্যূনতম মানবিকতা কাজ করল না? এর পেছনে সামাজিক, পারিবারিক এবং মানসিক অবক্ষয় কতটা দায়ী, তা’ নিয়ে আমাদের সমাজের প্রতিটি স্তরে আলোচনা হওয়া প্রয়োজন।
শুধু আইনি ব্যবস্থা নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি। আমাদের শিক্ষাব্যবস্থা, পরিবার, এবং সমাজের প্রতিটি প্রতিষ্ঠানকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেখানে শিশু-কিশোররা নৈতিকতা, সহানুভ‚তি এবং অপরের প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে বেড়ে উঠবে। কারণ, অপরাধের মূল কারণ যদি সমাজের মধ্যে থেকে যায়, তাহলে কেবল শাস্তির ভয় দেখিয়ে তা নির্ম‚ল করা অসম্ভব।
এ রায়টি একটি শুরু মাত্র, শেষ নয়। এটি আমাদের বিচারব্যবস্থার কার্যকারিতা প্রমাণ করলেও, এর পেছনের কারণগুলো নিয়ে কাজ করার দায়িত্ব আমাদের সবার। সমাজের প্রতিটি মানুষের মধ্যে এ সচেতনতা তৈরি করতে হবে যে, একজন নারীর নিরাপত্তা এবং সম্মান রক্ষা করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। এ রায় থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত এমন একটি সমাজ গড়ার লক্ষ্যে কাজ করা, যেখানে কোনো শিশু বা নারীকে আর এমন অমানবিকতার শিকার হতে হবে না। বিচার কেবল দণ্ড আরোপের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা’ সমাজের সেই ক্ষতগুলো চিহ্নিত করে, যা ভবিষ্যতে অপরাধের জন্ম দিতে পারে।
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
শেয়ার করুন








