চাঁদপুরে জুস পানে শিশুসহ একই পরিবারের ৪জন অচেতন

ওমর ফারুক সাইম, কচুয়া :

চাঁদপুরের কচুয়া উপজেলার পালখাল সফিবাদ গ্রামে মা, দুই ছেলে ও এক মেয়ে জুস পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত আনুমানিক রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। অসুস্থরা হলেন- সফিবাদ গ্রামের হাজী বাড়ীর নাছিরের স্ত্রী মাহমুদা বেগম (৩৪), মেয়ে সামিয়া আক্তার (১৪), ছেলে মারুফ (১২) ও শিশু বোরহান (৫)।

রাত ১০টা ১০ মিনিটে তাদেরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থা দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

অচেতন ওই পরিবারের স্বজনরা জানান, বিকেলে পালখাল উত্তর বাজারের একটি দোকান থেকে তাদের এক নিকটাত্মীয় স্টারশীপ কোম্পানির বোতলজাত করা ৪ বোতল জুস ক্রয় করে দেন।

সন্ধ্যার আগেই ওই জুস মা ও ৩ সন্তান পান করার পরেই একে একে সকলেই অচেতন হয়ে পড়েন। ওই অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। জুসের ৪টি বোতলের মধ্যে ৩টি বোতল তাদের ঘরে খোলা অবস্থায় পাওয়া যায়।

পান করা স্টার শীপ কোম্পানীর ৪টি জুসের বোতল।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুহাইমিনুল জানান , জুসগুলোতে কোন ধরণের বিষক্রিয়া আছে কিনা তা পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। কোন কারণে বিষক্রিয়া কিংবা ফুড পয়জনিংও হতে পারে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়।

You might like