সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি : ব্যবসায়ীদের মাঝে আতংক

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি :

বগুড়ার সান্তাহার পৌরসভার ষ্টেশন রোডে এক রাতেই ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে এই ৬টি দোকানের টিন ও দেয়াল কেটে চোরেরা দোকানে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় ।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে চোরেরা পৌর শহরের ষ্টেশন রোড এলাকায় সান্তাহার বেকারী, আদর্শ ছাপাখানা, কল্লোল মটরস, শামিম ট্রেডার্স, উজ্জল ইলেকট্রিকস, তমা পেপার হাউজে চুরি করে।

চোরেরা দোকানের টিন কেটে দোকানে দোকানের ভিতর প্রবেশ করে আদর্শ ছাপাখানা থেকে প্রায় তিন হাজার, তমা পেপার হাউজ থেকে চার হাজার, এবং অন্যান্য দোকান থেকে নানা ধরনের মালামাল নিয়ে যায়। তারা সান্তাহার বেকারীর দেয়াল কেটে ক্যাশ ভেঙে নগদ সাত হাজার টাকা ও একটি ফোন নিয়ে যায় ।

একই রাতে ৬টি দোকানে চুরির ঘটনায় শহরের ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। সান্তাহার পুলিশ ফাড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, এ বিষয়ে দোকানীরা অভিযোগ দিয়েছেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like