
ভূমি,এতোটা ভালোবাসা চাইনিতো
চাইনি এতোটা ফুটে ওঠা ফুলের মতো সৌরভ
বড়ো বেশি লজ্জিত হই লজ্জাবতি ফুলের মতো যখন তোমার কলমে উঠে আসে এই অধমের নাম
বলো ভূমি,তোমাদের এতো এতো ভালোবাসা
কোন পাত্রে রাখি আমি!
এই আমি আজন্ম জ্ব’লে জ্ব’লে জেনে গেছি-
আর কিছু না, শুধু রোদ্দুর শুধু মেঘ, বৃষ্টির কররেখা আর এর মাঝখান দিয়েই কিছু নারী
পুরুষতন্ত্রের কাছে আজীবন ধর্ষিতা হয়ে বেঁচে রয়
আর কিছু নয় আর তো কিছুই নয়।
তোমাকে দেবার মতো কোনো সুসংবাদ ঘটে নি
এই বাংলায়
এ বাংলার প্রতিটি বৃক্ষ আজ নীল হয়ে গেছে
প্রতিটি ফুল ঝরে গেছে যেনো
দ্যাখো এই রাজপথে ভি সিক্স মার্সিডিস
আরো কতো কতো গাড়ি ঘোড়া শাঁই শাঁই
সাঁতার কেটে চলে
আর ফুটপাথে শুয়ে থাকে অর্ধ নগ্ন নারী
এসব পুরনো ইতিহাস
নতুন করে বোলবার কিছু নেই
মনে হয় এই পৃথিবীকে পাখির চোখ দিয়ে না দেখে আমাদের এস এম সুলতানের মতো ব্যাঙের চোখ দিয়ে দেখে নেই কিন্তু আমি যে সুলতান নই

তাই আঁকতে পারি নি আমার মাতাজির
বিদগ্ধ ক্ষরণ আঁকতে পারি নি
পিতার যুদ্ধাহত জামার স্মৃতি
পারি নি পারি নি কিছুই পারি নি আমি
তবু কেনো এতো ভালবাসো
ভূমি,বুঝতে পারো না কেনো – ভালোবাসা
কেবলি কাঁদায়
কেবলি হেরে যেতে বলে – সমগ্র পৃথিবী জয় করবার পরেও ভালোবাসা কেবলি হেরে যেতে বলে
আজ না হয় অন্য কথা হোক
এরকম এতোটা ভালোবেসে রক্তাক্ত করো না আমাকে, প্রিয়!








