

কুড়িগ্রাম প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় পরিচালিত গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প ও বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কুড়িগ্রাম ইউনিটের উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে এ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে “আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা” থিম সং-এর সম্মিলিত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর জাতীয় কবির রচিত কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থী ও সংস্কৃতি প্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বসাহিত্য কেন্দ্র, ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প, কুড়িগ্রাম ইউনিটের লাইব্রেরি ইনচার্জ মোঃ মমিনুর ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক দেবাশীষ চন্দ্র রায়, সংগীত শিক্ষক মাহফুজার রহমান রাজুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত আজও সমাজে সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনার প্রেরণা জোগায়। নতুন প্রজন্মের মাঝে নজরুলচর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রকাশিত : শুক্রবার, ২২ মে ২০২৬ খ্রি.















